আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে দোকানের তালা ভাঙতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পালিয়ে যান তিনি। ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় ঘটে যাওয়া এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে হাতে লোহার রড নিয়ে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। কয়েকবার চেষ্টা করেও তালা ভাঙতে না পেরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দোকানের বাইরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওটি ‘সচিন গুপ্ত’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই এটি হাজারো মানুষ দেখেছেন এবং ভিডিওটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরণমল মিনা জানান, চুরির চেষ্টার সময় সন্দেহভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। তবে আশপাশের অন্যান্য সিসিটিভি ক্যামেরায় তার মুখ স্পষ্টভাবে ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, একই ব্যক্তিকে ঘটনার আগেই দিনের বেলায় মুখোশ ছাড়া একই পোশাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
এদিকে, চুরির চেষ্টার ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত আরেকটি মোবাইল ফোনের দোকানেও একই রাতে চুরির ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় একই ব্যক্তি জড়িত কি না, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।