কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমিরাবাদ ইউনিয়নের জনসাধারণের কাছে প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, পরোপকারী ও সমাজসেবক আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর।
তাঁর বিষয়ে জানা যায়, তিনি আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি সর্বান্ত শিক্ষিত পরিবারের সন্তান এবং পেশাগতভাবে তিনি একজন শিক্ষক। শুধু তাই নয়, তিনি ৩ নম্বর ওয়ার্ডের জনগণের নির্বাচিত টানা তিনবারের সদস্য (মেম্বার)। বর্তমানে আমিরাবাদ ইউনিয়নের নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রাস্তাঘাট সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা-সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এলাকাবাসীর মতে, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচিত, গ্রহণযোগ্য ব্যক্তি ও প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, “মানুষের সেবা করতে পারলেই আমি মানসিক শান্তি পাই। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার প্রধান লক্ষ্য। বর্তমানে জনগণের নির্বাচিত আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে জনগণের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমিরাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের নাম ইতোমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন বলে অনেকেই মনে করছেন।
প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। সমাজসেবা করার জন্য রাজনৈতিক দলের সদস্য হতে হবে, এমন কোনো কথা নেই। জনগণের সেবা করার জন্য সেবার মন-মানসিকতা থাকা দরকার, আর তা আমার আছে। জাতি, দল, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল মানুষ আমার কাছে সমান। আমি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি। তেমনি সকল মানুষই আমাকে সমানভাবে ভালোবাসে। জনগণই আমার শক্তি এবং সকল ক্ষমতার উৎস। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জনগণের মনোনীত চেয়ারম্যান হতে চাই।”
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।