চীনের গানসুতে ভয়াবহ ভূমিধস, মাটিচাপা ৩৩; উদ্ধার ২১ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ৩৩ জন মাটিচাপা পড়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে গানসুর দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাস্থলটি একটি পাহাড়ি এলাকা। সেখানে ভারী বৃষ্টির কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে একটি বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৩ জনই ওই প্রকল্পের শ্রমিক ছিলেন। তারা কেউই রেনসাং গ্রামের স্থানীয় বাসিন্দা নন।

ঘটনার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হলেও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে। গ্রীষ্ম মৌসুমে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভূমিধস প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি দক্ষিণ ও মধ্য চীনে টানা ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর ধস, আকস্মিক বন্যা এবং অন্যান্য দুর্যোগে অন্তত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে উত্তরাঞ্চলের হুবেই প্রদেশেও সোমবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। সিনহুয়ার তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১৬ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন ৩৩০ জনের বেশি, একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া আকস্মিক বন্যায় অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টির বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্গত এলাকাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *