তিন বছর ধরে রান্না করে খাওয়ান গৃহকর্মী, এবার নিজের হাতে তার প্রিয় খাবার রান্না করলেন গৃহকর্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
প্রতিদিন পরিবারের জন্য রান্না করেন গৃহকর্মী। বছরের পর বছর নীরবে দায়িত্ব পালন করলেও অনেক সময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না। তবে সেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন লিঙ্কিয়া রোজারিও নামে এক তরুণী গৃহকর্ত্রী।

ভারতীয় এই কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, দীর্ঘদিনের গৃহকর্মী জামিলার জন্য নিজ হাতে তার প্রিয় খাবার রান্না করে পরিবেশন করছেন তিনি। অপ্রত্যাশিত এই আয়োজনে আবেগাপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন জামিলা।

ভিডিওতে লিঙ্কিয়া জানান, জামিলা তিন বছরেরও বেশি সময় ধরে তাদের বাসায় কাজ করছেন। এই সময়ে তিনি অসংখ্যবার পরিবারের সবার জন্য রান্না করেছেন। সেই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান দিতেই একদিনের জন্য গৃহকর্ত্রী নিজেই রান্নাঘরে নেমে পড়েন।

তিনি আরও জানান, করোনা মহামারির পর দীর্ঘদিন রান্না না করায় নিজের রান্না নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে খাবার খেয়ে জামিলা প্রশংসা করে বলেন, রান্না খুবই সুস্বাদু হয়েছে।

জামিলার পছন্দের খাবার ছিল পোহা (চিঁড়ার তৈরি একটি জনপ্রিয় ভারতীয় পদ) এবং কান্দা ভাজি (পেঁয়াজ দিয়ে তৈরি এক ধরনের ভাজা বা পেঁয়াজি)। ভালোবাসা আর কৃতজ্ঞতার ছোঁয়ায় তৈরি সেই খাবারই গৃহকর্মীর মুখে হাসি ফোটায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বহু নেটিজেন লিঙ্কিয়ার এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, গৃহকর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এমন ছোট ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে।

সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *