সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির গুলি, পালিয়ে গেল দুই চোরাকারবারি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ::

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে। এ সময় টহলরত সদস্যরা তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এরপর দুই ব্যক্তি সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *