খিলগাঁও-ডেমরা-রামপুরা মহাসড়কে তেল চুরির অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের


স্টাফ রিপোর্টার |
রাজধানীর খিলগাঁও থানাধীন ডেমরা-রামপুরা মহাসড়কের মস্তমাঝি মোড় এলাকায় রাতে চলন্ত ও পার্কিং করা বিভিন্ন যানবাহন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় চালক ও ভুক্তভোগীদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে তেল সংগ্রহ করে বিক্রি করছে। এ ঘটনায় কয়েকজনের নামও অভিযোগে উঠে এসেছে।
স্থানীয় সূত্রের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রটির সদস্যরা সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একটি পিকআপ ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে চুরি করা তেল সংগ্রহ করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী গাড়িচালক মো. কবির বলেন, রাতের বেলায় অনেক চালক সড়কের পাশে গাড়ি রেখে বিশ্রাম নিলে দুর্বৃত্তরা তেলের ট্যাংকের মুখ খুলে মোটরের সাহায্যে তেল চুরি করে নিয়ে যায়। এতে চালকদের আর্থিক ক্ষতির পাশাপাশি পরদিন যানবাহন পরিচালনায়ও দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে চালকরা থানায় অভিযোগ না করে নিজেরাই ক্ষতি পুষিয়ে দেন। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তিনি মনে করেন।
অভিযোগে নাম আসা সুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যবসা-বাণিজ্য করি।” আরেক ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই ব্যক্তি তার গ্যারেজে গাড়ি রাখেন এবং তিনি তেল কিনে রাখেন। অভিযোগ সম্পর্কে অবহিত করার পর তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান বলে প্রতিবেদকের দাবি।
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, “আমি আপনার কাছ থেকে বিষয়টি জেনেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *