Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ডেঙ্গু প্রতিরোধে নাসিকের অভিযান: এডিসের লার্ভা পেয়ে জরিমানা, সতর্ক জমির মালিক - দৈনিক স্বাধীন সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নাসিকের অভিযান: এডিসের লার্ভা পেয়ে জরিমানা, সতর্ক জমির মালিক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণাধীন একটি ভবনের অব্যবহৃত পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ায় ভবনের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ট্যাংকটি পরিষ্কার করে সেখানে যাতে আর পানি জমে না থাকে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর নলুয়া রোড ও তামাকপট্টি স্বাধীনতা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আল-আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উত্তর নলুয়া রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় অব্যবহৃত পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ঘটনায় ভবনের মালিক মো. হুমায়ুন কবিরকে তাৎক্ষণিক ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ট্যাংকটি পরিষ্কার করে ভবিষ্যতে সেখানে পানি জমতে না দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এদিকে তামাকপট্টি স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি খালি জমিতে আগাছা ও আবর্জনা জমে মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় জমির মালিককে দ্রুত জায়গাটি পরিষ্কার করার জন্য সতর্ক করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোথাও মশার প্রজননস্থল শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *