মোঃআনজার শাহ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনাব মো. রাশেদ খানকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনাব মো. রাশেদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে, ততদিন পর্যন্ত বহাল থাকবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সিনিয়র সচিব/সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এবং সংশ্লিষ্ট দপ্তরসহ মোট পনেরোটি স্থানে প্রেরণ করা হয়েছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।