“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” — বান্দরবানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

মোঃ রাসেল:

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে ধারণ করে বান্দরবান পার্বত্য জেলায় শুরু হয়েছে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। সোমবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। তিনি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা।
  • জনাব আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান।
  • জনাব আবু ইউসুফ, বিভাগীয় বন কর্মকর্তা, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ, বান্দরবান।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীজন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরিবেশ সুরক্ষায় আহ্বান

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করেন উপস্থিত অতিথিরা।

পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, “গাছ আমাদের জীবন ও জীবিকার প্রধান ভিত্তি। একটি গাছ রোপণ করা মানে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল পরিদর্শন করেন। পরে কার্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে জেলাজুড়ে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উল্লেখ্য, এই বৃক্ষমেলা ও অভিযান সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *