বরুড়ায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ, উৎপাদনশীলতা বৃদ্ধির প্রত্যাশা

মোঃআনজার শাহ

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার বরুড়ায় কৃষক গ্রুপের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচি স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

রবিবার (১৯ জুলাই) বরুড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে ধান মাড়াই যন্ত্র, বেড প্লান্টার ও ফুট পাম্প বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন এবং বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম বলেন, “বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি, আর কৃষকের হাসিই দেশের সমৃদ্ধির প্রতিচ্ছবি। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকের কষ্টও কমবে। কৃষকদের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বরুড়ার কৃষি খাতকে আরও এগিয়ে নিতে আমরা সবসময় কৃষকদের সঙ্গে আছি।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর কৃষিই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে কৃষিবান্ধব উদ্যোগে এগিয়ে আসতে হবে।”
উপস্থিত বক্তারা বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার একদিকে যেমন সময় ও শ্রম সাশ্রয় করবে, অন্যদিকে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে।

কৃষকদের হাতে আধুনিক কৃষি উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে বরুড়ায় টেকসই ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বরুড়া একসময় আধুনিক কৃষির অন্যতম মডেল উপজেলায় পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *