নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য জামান সরকারের ওপর হামলা, দলের ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামানসহ সারাদেশের নেতাকর্মীদের হুমকির প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেছে দলটি।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে একটি গোষ্ঠী খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মব সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় নতুনধারা বাংলাদেশ এনডিবির নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক জামান সরকারের ওপর হামলা চালানো হয়েছে এবং দলের অন্যান্য নেতাকর্মীদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”

মোমিন মেহেদী আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রত্যাশিত নয়। তার দাবি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বরং হামলা-মামলা “সহ্য করার” পরামর্শ দেওয়া হয়েছে, যা রাজনৈতিক সহিংসতাকে উৎসাহিত করতে পারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ফতুল্লার টাগারপাড় এলাকার এক নেতাসহ কয়েকজন ব্যক্তি জামান সরকারকে নতুনধারা বাংলাদেশের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ায় গত ১৮ জুলাই সকাল ১১টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় আবারও তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

জামান সরকার জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তাজনিত আশঙ্কায় তিনি হামলাকারীদের নাম উল্লেখ করেননি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, বর্তমানে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক মতাদর্শের কারণে বিরোধী নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বাড়ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা আরও দাবি করেন, গত ১৩ বছর ধরে নতুনধারা বাংলাদেশের নেতাকর্মীরা বিভিন্ন গণদাবি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন। এখন তাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে অপপ্রচার চালিয়ে হামলা ও মব সন্ত্রাসের শিকার করার চেষ্টা করা হচ্ছে, যা সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা এবং আইনের শাসনের পরিপন্থী।

তারা অবিলম্বে জামান সরকারের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ম, মত, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল, হাশেম মোল্লা, তাসরিফুল ইসলাম রাজন, রমজান দেওয়ানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *