মোঃআনজার শাহ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (MOHPW) “Sustainability Action Workshop 2026” কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি, টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার ওপর সরকারের অটল প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ প্রকল্প সেবা সংস্থা (ইউএনওপিএস)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মন্ত্রী বলেন, দেশব্যাপী অবকাঠামো নির্মাণে টেকসই নীতিমালা ও পরিবেশবান্ধব প্রক্রিয়া অবলম্বন করা জরুরি এবং সরকার এ লক্ষ্যে নীতিগত সহায়তা ও বাস্তব সহায়তা অব্যাহত রাখবে।
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ এবং টেকসই অবকাঠামো নির্মাণে আমাদের কোনো ছাড় নেই। সরকারি পরিকল্পনা ও প্রকল্পগুলোতে পরিবেশগত টেকসইতা এবং উন্নত নির্মাণ পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছি।” তিনি যোগ করেন, সাস্টেইনেবল নির্মাণ প্রযুক্তি গ্রহণ ও জলবায়ু-সহনশীল নকশা দেশের স্থায়িত্ব ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা ইউএনওপিএস-এর মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগকে দেশে টেকসই নির্মাণ ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তারা সরকারি নীতিমালা ও স্থানীয় স্তরের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সব ধরনের টেকসই নির্মাণ পদ্ধতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল টেকসই নির্মাণ মানদণ্ড নির্ধারণ, সবুজ ও স্থানীয়ভাবে অনুকূল উপকরণ ব্যবহার, জলবায়ু-সহনশীল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, এবং দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তি স্থানান্তর। অংশগ্রহণকারীরা আশাব্যঞ্জক অগ্রগতি ও নতুন সহযোগিতা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন, যা দেশের নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়নকে আরও টেকসই দিকেই নিয়ে যাবে।