নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমির চলাচলের রাস্তার ওপর থাকা একটি নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সফুর উদ্দিনের ছেলে। অভিযুক্ত জীবন মিয়া (৩০) সম্পর্কে তিনি চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর পরিবারের মধ্যে বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
শনিবার দুপুরে বিরোধপূর্ণ রাস্তার ওপর থাকা একটি নারিকেল গাছ কাটতে গেলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া ধারালো কুড়াল দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মিজান মিয়ার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, জমি-সংক্রান্ত বিরোধ এবং চলাচলের রাস্তার ওপর থাকা গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।