ওসি জায়েদ নুরের নেতৃত্বে কোতোয়ালী থানার বিশেষ অভিযান, গাঁজাসহ ১৪ জন গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) কোতোয়ালী থানা এলাকায় মাদক, ছিনতাই প্রতিরোধ ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান, এএসআই সামছুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/২৬(১)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ (২০), সাজ্জাদ (১৯), সুজয় দে (২৬), অজয় দাস (৪৪), বায়েজিদ হোসেন (২৯), সাজ্জাদ হোসেন (৩১), নুরু হাসান (১৯), পারভেজ (৩৫), শাওন সেন (৩৫), শেখ মো. কুদরত-ই-খুদা (শিপন), মো. ফয়সাল আলম (৩২) ও জীবন রহমান জালাল (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি কোতোয়ালী থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *