টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা

মো. মশিউর রহমান:

টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *