মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হাজিরহাটে মনপুরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্যসচিব হাফিজ আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাছিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনপুরায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তাঁরা জানান।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা সবার দায়িত্ব। তাঁরা সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল, সংযত ও শালীন ভাষায় রাজনৈতিক বক্তব্য দেওয়ার আহ্বান জানান।