নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি কমিশন বলেও জানান তিনি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা পাঠাতে জাতীয় সংসদ সচিবালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। তবে এখনো সেই তালিকা পাওয়া যায়নি। ভোটার তালিকা হাতে পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি ইতোমধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ভোটার হওয়ার জন্য গত ৩১ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ওই সময়সীমা পরিবর্তন করা হবে কি না, তা নিশ্চিত নয়।
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত প্রায় ৪৫ দিনের সময় প্রয়োজন হয়। এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা ও মুদ্রণের জন্য আরও সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে প্রায় তিন মাস সময় লাগে।
তিনি বলেন, এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।