৯৮১ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব প্রতিনিধি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্যাস বিল বাবদ প্রায় ৯৮১ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, কোম্পানিটি দীর্ঘদিন ধরে নির্ধারিত ক্যাপাসিটি রেটের পরিবর্তে আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) রেটের সুবিধা নিয়ে কম হারে গ্যাস বিল পরিশোধ করেছে। এতে রাষ্ট্রীয় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

সম্প্রতি আদালতে দাখিল করা দুদকের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত তিতাস গ্যাসের কাছে প্রায় ৪৮৬ কোটি টাকা এবং অক্টোবর ২০১৮ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত কর্ণফুলী গ্যাসের কাছে প্রায় ৪৯৫ কোটি টাকা বকেয়া রয়েছে। দুই প্রতিষ্ঠানের মোট বকেয়ার পরিমাণ ৯৮১ কোটি ৬৭ লাখ টাকা।

দুদক আরও জানিয়েছে, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সরকারি সম্পত্তি দখল, অর্থপাচার ও গ্যাস বিলে অনিয়মের অভিযোগও একই অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদকের ভাষ্য, অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেও অনুসন্ধান এখনো চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে কমিশন মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *