চন্দনাইশে ভিমরুলের কামড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

সৈকত দাশ ইমন: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভিমরুলের কামড়ে মো. ইয়াছিন আরহাম রাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে বাড়ির পাশের উঠানে খেলতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয় সে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাহিম উপজেলার বহরমপাড়া ইউনিয়নের ইউছুপ তালুকদার বাড়ির প্রবাসী খোরশেদ আলমের ছেলে। সে বহরমপাড়া আজিজিয়া মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে বাড়ির উঠানসংলগ্ন এলাকায় খেলাধুলার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল রাহিমকে আক্রমণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত সোমবার দিবাগত রাত ৩টার দিকে সে মারা যায়।

নিহতের প্রতিবেশী কুতুব উদ্দিন হাসান জানান, ভিমরুলের আক্রমণের পরপরই রাহিমকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, রাহিমের বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

শিশু রাহিমের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *