অনলাইন ডেস্ক:
রক্ষণাবেক্ষণের ঘাটতি, তদারকির অভাব এবং দীর্ঘদিনের কারিগরি সমস্যার কারণে বাংলাদেশ রেলওয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, লোকোমোটিভের ট্রাকশন মোটরের বিয়ারিং জ্যাম হওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
রেল সূত্র জানায়, বর্তমানে ৪৬টি ট্রাকশন মোটর বিকল রয়েছে। গত এপ্রিলেই এগুলো মেরামতের নির্দেশনা দেওয়া হলেও চার মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, সময়মতো তেল ও গ্রিজ পরিবর্তন না করা, মানহীন যন্ত্রাংশ ব্যবহার এবং আধুনিক সেন্সর প্রযুক্তির অভাব এ সমস্যার মূল কারণ।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রেল প্রকৌশলীরা নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রতিটি যাত্রার আগে বাধ্যতামূলক কারিগরি পরীক্ষা, ‘হট বক্স ডিটেক্টর’ স্থাপন এবং ইঞ্জিনে আধুনিক তাপমাত্রা সেন্সর সংযোজনের দাবি জানিয়েছেন।