পারিবারিক কবরস্থান নিঃস্বার্থে উন্মুক্ত করলেন মন্ত্রী জাকারিয়া তাহের

মোঃআনজার শাহ

রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে নিজেদের বংশপরম্পরায় ব্যবহৃত পারিবারিক কবরস্থানটি নিজ অর্থায়নে সংস্কার ও সৌন্দর্যবর্ধন করে এলাকার নিঃস্ব-অসহায় মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি যা এলাকাজুড়ে সাড়া ফেলেছে জনমনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো এই পারিবারিক কবরস্থানটি মাটি ভরাট, চারপাশ পরিচ্ছন্নকরণ এবং নান্দনিক সংস্কারের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে। শুধু নিজের পরিবারের গণ্ডিতে আবদ্ধ না রেখে মন্ত্রী একে রূপান্তরিত করেছেন মানবিক সহমর্মিতার এক জীবন্ত প্রতীকে।

মন্ত্রী জাকারিয়া তাহের জানান, সোনাইমুড়ী, পশ্চিমপদুয়া, সাতবাড়িয়াসহ আশপাশের যেসব পরিবারের নিজস্ব কবরস্থান নেই, তারা এখন নিশ্চিন্তে তাদের প্রিয়জনদের এখানে দাফন করতে পারবেন। একজন মানুষ যেন মৃত্যুর পরও মর্যাদাপূর্ণ বিদায় পান এই মানবিক দর্শনই তাঁকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।
এ প্রসঙ্গে শফিক ও বরুড়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, নিজ অর্থায়নে ও উদ্যোগে কবরস্থানটি সংস্কার করে মন্ত্রী শুধু নিজের পরিবার নয়, ভূমিহীন-দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তাও দূর করেছেন, যারা প্রিয়জনের মৃত্যুতে দাফনস্থান নিয়ে দুশ্চিন্তায় থাকতেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ব্যক্তিগত সম্পদ এভাবে জনকল্যাণে বিলিয়ে দেওয়ার নজির বর্তমান সমাজে সত্যিই বিরল। বিশেষত জমির অভাবে যেসব দরিদ্র পরিবার প্রিয়জনের সৎকার নিয়ে সংকটে পড়েন, তাদের কাছে এই সিদ্ধান্ত এনে দিয়েছে স্বস্তি ও আশার নতুন আলো।

এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের সীমা ছাড়িয়ে মানুষের মৌলিক মানবিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা তাঁর সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে গভীর অঙ্গীকারেরই প্রতিফলন। সচেতন মহলের মতে, এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে এবং সমাজে ছড়িয়ে দেবে মানবতার এক নতুন বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *