আলীকদমে চাকা ফেটে বাস গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত অন্তত ১০

মোঃ রাসেল:

আলীকদম-চকরিয়া সড়কের আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় চাকা পাংচার হয়ে চলন্ত বাস গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার ঘটনায় গাড়ির হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় নারী-শিশুসহ বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ (শনিবার) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস আলীকদমের উদ্দেশ্যে আসছিল। গাড়িটি আলীকদম কলেজসংলগ্ন ঢালু স্থানে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বাসের একটি চাকা ফেটে যায়। এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাসের সম্মুখভাগ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং গাছের একাংশ বাসের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই বাসের সামনে থাকা হেলপার চাপা পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। নিহত হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর আলীকদম কলেজ ও তারাবনিয়া পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে এবং আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “বাসটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও গতি থাকায় গাড়িটি সরাসরি গাছের ওপর গিয়ে আছড়ে পড়ে। বাসের সামনের অংশটি গাছের সঙ্গে পুরোপুরি পিষে যাওয়ায় হেলপারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।” আলীকদম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহত হেলপারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *