কিশোরগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালে তিনি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, সফল মৎস্য উদ্যোক্তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কর্মসূচির উদ্বোধন এবং ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতা প্রদান কার্যক্রমের সূচনা করবেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় সফরের বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি, নিরাপত্তা ও সম্ভাব্য উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি হিসেবে তিনি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।
সফরকালে জাতীয় পর্যায়ে মৎস্যসম্পদে বিশেষ অবদানের জন্য নির্বাচিত দেশের ১৪ জন সফল উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে গোল্ড মেডেল প্রদান করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। মৎস্য খাতে উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কর্মসূচির উদ্বোধন এবং ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতা প্রদান কার্যক্রমেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, যাতায়াত, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সফরকে ঘিরে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পর্যায়ে প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।