টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ আদেশ দেন। জানা গেছে, ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩৭)-এর সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *