মোহাম্মদ আনিসুর রহমান:
নওগাঁর বদলগাছীতে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ পলি আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৯টার দিকে পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গনির নেতৃত্বে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ পলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।