সাতকানিয়ায় ইয়াবা-গাঁজা-চোলাই মদসহ পুলিশের জালে আটক ৯

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ৩২০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফজুরপাড়া এলাকায় আবুল কাসেম মিয়া প্রকাশ কাসু মিয়ার চায়ের দোকান থেকে গাঁজা ও ইয়াবা কিনে বের হওয়ার সময় স্থানীয়রা ৬ জনকে আটক করে।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ ওই চায়ের দোকানে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে ও দোকানে তল্লাশি করে মোট ২৩০ পিস ইয়াবা ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির অভিযোগে অভিযুক্ত আবুল কাসেম মিয়া প্রকাশ কাসু মিয়া পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন—ছদাহা ইউনিয়নের সাতগরিয়া পাড়ার হাবিবুর রহমানের ছেলে আরাফাত (২৫), হরিনতোয়া এলাকার জামাল আহমেদের ছেলে মনজুর আলম (৪০), ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নাসির উদ্দিনের ছেলে আসিফ (২২), ২ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের ছেলে দিদার (২১), ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে আকিব (২০) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. তারেক (২২)।

অপর এক অভিযানে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাঘমুয়া এলাকার মো. ওমর ফারুক (২৭), মো. সাকিব (২৬) এবং সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের নুনু চৌধুরীর বাড়ি এলাকার আব্দুর রহিম ওরফে রাজীব (৩২)। অভিযানে দুটি বস্তার ভেতর থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সময়ে চোলাই মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *