স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।