মো. মশিউর রহমান:
টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৬ আগস্ট) রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্টরা। আলোচনা সভায় মৎস্য সম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।