লটারি বদলিতে ৪০৯ প্রকৌশলী: গণপূর্তে স্বচ্ছতা ও শৃঙ্খলার প্রতীক গবেষণা

মোঃআনজার শাহ

লটারি পদ্ধতির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি বা পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লটারির মাধ্যমে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি করা হয়। একই দিন ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) পদায়ন করা হয়েছে।

সহকারী প্রকৌশলী পদে বদলি-ক্যাটাগরিভিত্তিক বিভাগীয় বণ্টন ছিল: ঢাকা বিভাগে ১০০ জন, রাজশাহী ২০ জন, চট্টগ্রাম ৩৪ জন, খুলনা ২০ জন, বরিশাল ১২ জন, সিলেট ৭ জন, ময়মনসিংহ ৯ জন ও রংপুর ১৭ জন। উপবিভাগীয় প্রকৌশলী পদে বদলি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭৯ জন, রাজশাহী ১৮ জন, চট্টগ্রাম ৩২ জন, খুলনা ২০ জন, বরিশাল ১০ জন, সিলেট ৯ জন, ময়মনসিংহ ৭ জন ও রংপুর ১৫ জন রয়েছেন।

বদলি ও পদায়নের এই লটারিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চক্মা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশরাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছের এবং অন্যান্য উচ্চপদস্থ প্রকৌশলী ও কর্মকর্তাগণ।

অধিদপ্তরের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানান, লটারি পদ্ধতি বদলি-প্রকল্পে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তারা আশা করছেন, নতুন বদলি-কর্মীদের নিয়োগে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং প্রকৌশল সেবা সমন্বিতভাবে প্রদান করা সহজ হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই একই পদ্ধতিতে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি করা হয়েছিল, যা গণপূর্ত অধিদপ্তরে বদলি-নীতির ধারাবাহিকতার পরিচায়ক বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *