ইরানে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান বাসিজের

আন্তর্জাতিক ডেস্ক:

জাতীয় ঐক্য বজায় রাখতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ। ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

শনিবার আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বিবৃতিতে বাসিজ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছে, দেশের শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে সরকারকে ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাসিজ বলেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনতে হবে এবং তাদের ন্যায্য দাবিগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, ইরানের প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে সামাজিক সংহতি দুর্বল করার চেষ্টা করতে পারে। তাই জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি আরও শক্তিশালী করা জরুরি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা হিসেবে পরিচিত বাসিজ জানিয়েছে, প্রয়োজন হলে তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *