একই দিনে পর্দায় দুই ‘কিং’, মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

বিনোদন ডেস্ক:

পরপর তিন সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ তিন বছর পর চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘কিং’। তবে এবার শাহরুখের ‘কিং’-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণী তারকা নাগার্জুনের ‘কিং ১০০’।

শাহরুখের ভক্তরা দীর্ঘদিন ধরেই ‘কিং’ সিনেমাটির অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে নতুন খবর হলো, একই মাসে মুক্তি পেতে যাচ্ছে নাগার্জুন অভিনীত ‘কিং ১০০’। বর্ষীয়ান এই অভিনেতার ১০০তম সিনেমা এটি।

নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমার নাম ও মুক্তির তারিখ। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং ১০০’।

দেড় মিনিটের টিজারে নাগার্জুনকে দেখা গেছে চিরচেনা স্টাইলিশ লুকে। একসময় তেলুগু সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেতা বয়সের ভারেও নিজের সেই আকর্ষণ ধরে রেখেছেন। টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে, শূন্য থেকে নিজের চেষ্টায় উঠে এসে কীভাবে একজন ব্যক্তি সবচেয়ে ক্ষমতাধর হয়ে ওঠেন—সেই গল্পই তুলে ধরা হবে সিনেমায়।

টিজারে নাগার্জুনকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে—যাদের টাকা আছে এবং যাদের নেই। যখন আমার টাকা ছিল না, তারা আমাকে ব্যর্থ বলত। যখন আমার টাকা হলো, তারা আমাকে কিং বলতে শুরু করল।’

সিনেমাটিতে নাগার্জুনের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী টাবু। দীর্ঘ ২৮ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ১৯৯৯ সালের ‘সিসিন্দ্রি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

আরএ কার্তিকের পরিচালনায় নির্মিত ‘কিং ১০০’ প্রযোজনা করেছে অন্নপূর্ণা স্টুডিওস। অন্যদিকে শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

একই সময়ে দুই ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকার ‘কিং’ নামের সিনেমা মুক্তি পাওয়ায় ভারতীয় বক্স অফিসে যে জমজমাট লড়াই হতে যাচ্ছে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *