অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীদের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পরে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়।ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘চলছে লড়াই, চলবে; বাংলাদেশ ছাত্রলীগ লড়বে’—এ ধরনের বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।