বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে বিনয় ও শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অভিনেতা দেব। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, মহানায়কের আসনে অন্য কাউকে বসানো সম্ভব নয়।
সম্প্রতি জনপ্রিয় বিনোদনমূলক রিয়েলিটি শো ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে দেবের সঙ্গে উত্তম কুমারের তুলনা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। দেবের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান প্রজন্মের বাঙালি দর্শকদের অনেকেই তার মধ্যে মহানায়ক উত্তম কুমারের ছায়া দেখতে পান।
সুদীপার এই মন্তব্যের পর দেবও শেয়ার করেন একটি পুরোনো স্মৃতি। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী একবার তার হাসি ও উপস্থিতির মধ্যে উত্তম কুমারের ছাপ খুঁজে পেয়েছিলেন। এমন একজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে পাওয়া সেই প্রশংসা যে তার কাছে বিশেষ আনন্দের ছিল, তা-ও উল্লেখ করেন দেব।
তবে উত্তম কুমারের সঙ্গে তুলনার প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে দেব বলেন, ‘মহানায়ক একজনই হয়। তারপরে আর দ্বিতীয় কারও সঙ্গে সেই তুলনা টানা একেবারেই সম্ভব নয়।’
দেবের এই বক্তব্যের পর অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। অভিনেতা কাঞ্চন মল্লিকও দেবের বক্তব্যের প্রশংসা করেন।
উত্তম কুমারের সঙ্গে দেবের তুলনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। দর্শকদের কেউ কেউ দুজনের হাসি ও ব্যক্তিত্বের মধ্যে মিল খুঁজে পান। তবে দেবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রশংসা পেলেও বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের অনন্য অবস্থান ও অবদানকে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেন।