বিনোদন ডেস্ক:
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার পরিবর্তিত চেহারা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তার চেহারা নিয়ে নানা ধরনের কটাক্ষও করা হয়।
এ নিয়ে অনেকে প্রতিবাদ জানালেও ক্যাটরিনা সরাসরি সমালোচনার জবাব দেননি। বরং নিজের চেহারার পরিবর্তন ও ত্বকের যত্ন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, মা হওয়ার পর তার ত্বক আরও সংবেদনশীল হয়ে উঠেছিল। ফলে সময়টা তার জন্য বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটিও তাকে বুঝে নিতে হয়েছে।
ক্যাটরিনার ভাষায়, তিনি এমন প্রসাধনী খুঁজছিলেন, যা তার ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করে।
মা হওয়ার পর সৌন্দর্য নিয়ে ক্যাটরিনার চিন্তাভাবনাতেও পরিবর্তন এসেছে। ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে প্রচলিত নানা ধারণার মধ্যে তিনিও ছিলেন বলে জানান তিনি।
অভিনেত্রীর মতে, মডেলিং ও অভিনয়জীবনের শুরুতে সৌন্দর্য নিয়ে অনেক ধরনের গৎবাঁধা ধারণা ছিল। তবে এখন তার কাছে সুন্দর উপস্থিতির অর্থ হলো নিজের মধ্যে ভালো অনুভব করা। আর সেই অনুভূতি আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়ার মাধ্যমে।
ক্যাটরিনার বক্তব্যে বোঝা যায়, এখন তিনি শুধু বাহ্যিক সৌন্দর্যের দিকে গুরুত্ব দেন না। নিজের সামগ্রিক যত্ন এবং মানসিক প্রশান্তিকেও তিনি গুরুত্ব দিচ্ছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয় ক্যাটরিনা কাইফের। এরপর গত বছরের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান।