দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক:

আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলে আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চটি ওই পথসভায় অংশ নেয়।

ডা. শফিকুর রহমান বলেন, নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তারা রাস্তায় নেমেছেন। জনগণের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, তাদের ছয় দফা দাবি এখন আট দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দাবির সংখ্যা আরও বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণার প্রয়োজনও হতে পারে।

শফিকুর রহমান আরও বলেন, ‘আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে।’ এ সময় তিনি নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

পথসভায় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসনে নিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এসব বিষয়ে পরিবর্তনের দাবিতে তাদের আন্দোলন চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় টাঙ্গাইলে বিদ্যুৎ সরবরাহ ও এলপিজির দাম নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করার দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।

পথসভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *