মোঃ মশিউর রহমান:
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করে দেশের ৭০ ভাগ মানুষকে অপমান করেছে। তিনি আরও বলেছেন, নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসের পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ। তিনি সরকারের প্রতি প্রশ্ন করে বলেন, ৭০ ভাগ মানুষের ভোটের রায়কে কেন আপনারা মানলেন না? ১৪ শত শহীদের সঙ্গে কেন বেইমানি করলেন? কেন জুলাই সনদ বাস্তবায়ন করেননি? আপনারা বলেছিলেন, অনির্বাচিত কাউকে কোথাও বসাবেন না; কিন্তু আপনারা সব জায়গায় প্রশাসক বসিয়েছেন। আপনারা একটা কথাও রাখেননি; সব জায়গায় ধোঁকা দিয়েছেন। জাতি যা চেয়েছিল, তা আপনারা দিতে পারছেন না। আপনারা ব্যর্থ হচ্ছেন।
তিনি গ্যাস-বিদ্যুতের ব্যাপারে প্রশ্ন করে বলেন, এগুলো কি আপনারা পান? সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিসহ সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে, ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে জনতার বিজয় হবে।
জনগণের জন্য ৮ দফা বিলুপ্ত ঘোষণা করে ১ দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আগামীর লং মার্চ হবে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে, ইনশাআল্লাহ। মা-বোনেরা যেহেতু রাস্তায় নেমে এসেছেন, দাবি আদায় হবে, ইনশাআল্লাহ। আগামীর আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের কবর রচনা হবে। সংসদে সবকিছুর ফয়সালা হবে। কিন্তু সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করে দেশের ৭০ ভাগ মানুষকে অপমান করেছে। জনগণকে দেওয়া কথার সঙ্গে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে।
৭০ ভাগ জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। সেটা আমরা আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। এর আগে আমরা থামব না। এ লড়াই চলবে। বাংলাদেশ বদলাবে।
জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘প্রস্তুত থাকুন। বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। এই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। ফ্যাসিবাদ হেরে যাবে।’
পথসভায় বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির মুখ্য সমন্বয়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক গোলাম পারওয়ার।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবিরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ড. আহসান হাবীব ইমরোজ, জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান, সেক্রেটারি মাওলানা যায়েদ হাবিব, ইসলামি ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম প্রমুখ।