ইটাখলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকার ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে।

শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও ওই সময় মাহির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর নিখোঁজের দুই দিন পর রোববার সকালে ইটাখলা নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে পুলিশকে বিষয়টি জানান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *