সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের পেশায় মুদি দোকানি ছিলেন। রোববার দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। অটোরিকশাটি পূর্ব কাটগড় রেলগেট এলাকায় রেললাইনে উঠে গেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আবু তাহের ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক আব্দুস শুক্কুরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রেনটি আটকে দেন। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা ট্রেনটি আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে থানা পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *