অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা: সানি সাহার দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি সানি সাহার (৩৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সানি সাহাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান।

আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ সানি সাহার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে মোহাম্মদপুরের নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। পরে পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় পৌঁছালে জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে তার সিএনজির গতিরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় আসামিরা অধ্যাপক ডা. আসাদুর রহমানকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে বের করে আনেন। একপর্যায়ে আসামি জীবন ওরফে আদিল তার ডান চোখে সজোরে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় সানি সাহাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রোববার মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *