মাসুদুর রহমান:
ধামরাই উপজেলা ছাত্রদলের নাম ব্যবহার করে এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে জড়িয়ে বিভিন্ন ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ধামরাই উপজেলা ছাত্রদল। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধামরাই থানা স্ট্যান্ড সংলগ্ন ধামরাই প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ধামরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে ধামরাই উপজেলা ছাত্রদলের নামে এবং সংগঠনের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন। এ সময় নেতৃবৃন্দ এসব পোস্টের পেছনে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর বা মানহানিকর কোনো তথ্য প্রচার করা হলে তা প্রতিহত করতে সাংগঠনিক ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।