নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং ‘তারেক মেটাল’ নামের একটি দোকানে ভাঙচুরের ঘটনায় টিটন হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার মূল অভিযুক্ত ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার, একাধিক মামলার আসামি ও টিটন হত্যা মামলার আসামি বাদল শরীফ ওরফে কাইল্লা বাদল এবং তাঁদের সহযোগী মনির হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, মোহাম্মদপুর থানার মামলা নম্বর-৯৮ (০৮) ২০২৬-এর ঘটনায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। পরবর্তীতে ‘তারেক মেটাল’ নামের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় মূল অভিযুক্ত ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার এবং তাঁর অন্যতম সহযোগী বাদল শরীফ ওরফে কাইল্লা বাদলকে ঘটনার পর থেকেই বিশেষ নজরদারিতে রাখা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার এবং বাদল শরীফ ওরফে কাইল্লা বাদলকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, তাঁদের সহযোগী মনির হোসেনকে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার বাদল শরীফ ওরফে কাইল্লা বাদল টিটন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।