মিরপুরের টিকাকেন্দ্রে হামলা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকাদানকারী প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। হামলায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, হামলার খবর পেয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব না হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গেও কথা হয়েছে।

ভাঙচুরের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

দীর্ঘ সময় ধরে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটলেও তা প্রতিরোধ করা যায়নি—এ বিষয়ে প্রশাসক বলেন, কেন্দ্রটি কোনো স্থায়ী অট্টালিকা ছিল না; মূলত টিনশেড দিয়ে তৈরি একটি স্থাপনা ছিল। তবে স্থাপনা যেমনই হোক, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কোনো সমর্থন নেই। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *