স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত। থিরুভানান্থাপুরামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দিয়ে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। এই ম্যাচকে ঘিরে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একাধিক রেকর্ড পেছনে ফেলার সুযোগ রয়েছে ভারতীয় এই ব্যাটারের সামনে।
ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ১৮ হাজার ৪২৬ রানের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। আর ৫৯ রান করলে দ্বিতীয় ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ ব্যাটার হিসেবে ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে ৫৮.৫৯ গড়ে কোহলির সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। তার নামের পাশে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৮৫টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৯টি। ক্যারিবিয়ানদের বিপক্ষে আরেকটি শতক হাঁকাতে পারলে প্রথম ব্যাটার হিসেবে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ১০টি করে সেঞ্চুরি করার কীর্তি গড়বেন তিনি।
থিরুভানান্থাপুরামের মাঠেও কোহলির রয়েছে দারুণ রেকর্ড। সেখানে এখন পর্যন্ত কোনোবারই আউট হননি তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলে অপরাজিত ১৯৯ ও ১৬৬ রানের ইনিংস খেলেছেন কোহলি।
লিস্ট ‘এ’ ক্রিকেটেও শচীনের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে। শচীনের সর্বকালের ৬০টি সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র দুটি শতক দূরে রয়েছেন ৫৯টি সেঞ্চুরি করা কোহলি।
ঘরের মাঠে সেঞ্চুরির হিসাবেও শচীনের রেকর্ডের কাছাকাছি কোহলি। দেশের মাটিতে তার সেঞ্চুরি সংখ্যা ৪১টি। আরও দুটি শতক করলে ঘরের মাঠে শচীনের ৪২টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি।
ঘরের মাঠে সর্বোচ্চ রানের ক্ষেত্রেও শচীনের রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলি। দেশের মাটিতে ১৬৪ ম্যাচে শচীন করেছিলেন ৬ হাজার ৯৭৬ রান। অন্যদিকে কোহলি ১৩০ ম্যাচে করেছেন ৬ হাজার ৮৬৭ রান। অর্থাৎ শচীনের রেকর্ড ছুঁতে কোহলির প্রয়োজন আর ১১০ রান।