এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়; গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১০০ টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) এবং একই এলাকার হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করেন প্রতারকরা। ফোনে তারা দাবি করেন, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলানো হয়। ছেলেকে ছাড়িয়ে আনতে টাকা প্রয়োজন বলে জানানো হলে তাকে বাঁচাতে প্রতারকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী নগদের মাধ্যমে দুই দফায় মোট ৪০ হাজার টাকা পাঠান আমিনুল ইসলাম।

টাকা পাঠানোর পর ছেলের সঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় প্রতারণার মামলা করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-১৩-এর একটি দল প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। মামলার দিন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে সিপিসি-৩-এর একটি যৌথ দল সোহেল মন্ডল ও হেলাল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *