স্টাফ রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ৪ নম্বর গৈলা ইউনিয়নের সেরাল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুমারীয়ারপিঠ গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. মেহেদী হাসান সজল (৩৪) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী ২ নম্বর ওয়ার্ডের মৃত মোসলেম খানের ছেলে মো. রাশেদ খান (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানাধীন ৪ নম্বর গৈলা ইউনিয়নের সেরাল চৌরাস্তা এলাকায় জনৈক হাবিবুলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদকবিরোধী তথ্য দিতে হটলাইন: ০১৩২০-১৬২০৯৯