চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০টি অপরিপক্ব কলার থোড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক কৃষক শহিদুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে স্থানীয়রা বাগানে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে তাঁরা বাগানের মালিককে খবর দেন।
ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে।
শহিদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় জমি লিজ নিয়ে তিনি কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরির জন্য ঋণ করে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।
তিনি আরও জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে বাগানটি গড়ে তুলেছেন। কলাগুলোও ধীরে ধীরে পরিপক্ব হচ্ছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে ফেলে। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শহিদুল বলেন, ঋণের টাকা পরিশোধসহ পরিবার নিয়ে বর্তমানে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই কৃষক।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।