আন্তর্জাতিক ডেস্ক:
প্রথমবারের মতো ভারতের মাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও ভারতে এসেছেন। যোধপুরে শুরু হওয়া আন্তর্জাতিক আকাশ মহড়া ‘তরং শক্তি’-তে অংশ নিতেই এসব যুদ্ধবিমান ভারতে এসেছে।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এফ-৩৫ যুদ্ধবিমান ভারতে আসার বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এই যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে একই আকাশে উড়বে, যা সত্যিই দারুণ একটি বিষয়।
যোধপুর বিমানঘাঁটিতে চলমান এই আন্তর্জাতিক মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।
মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ভারতও বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে রাফাল, তেজস ও মিগ-২৯।
‘তরং শক্তি’ মহড়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ভারতের সঙ্গে একই আকাশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলোর উড্ডয়ন মহড়াটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।