সুকোত উৎসবে আল-আকসায় ১,৫০০ ইসরায়েলির প্রবেশ, কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিদের ধর্মীয় উৎসব সুকোতের দ্বিতীয় দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ১ হাজার ৫০০ ইসরায়েলি প্রবেশ করেছেন বলে জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াকফস। তাদের প্রবেশের সময় ইসরায়েলি পুলিশ নিরাপত্তা দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দলে দলে তারা মাগারিবা গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তাদের কয়েকজনকে তালমুদীয় ধর্মীয় আচার ও প্রার্থনা করতে দেখা যায় বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, আল-আকসার আল-কাত্তানিন গেটের কাছেও প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। পাশাপাশি সুকোত উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদজাতীয় সামগ্রীও প্রাঙ্গণে নেওয়া হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

এ সময় আল-আকসায় মুসল্লিদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয় বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াফা জানিয়েছে, ওই সময় মাগারিবা গেটও বন্ধ করে দেওয়া হয়।

আল-আকসার আশপাশের পুরোনো শহর এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কার্যক্রম মসজিদটির ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থাকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করছে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সুকোত উপলক্ষে প্রায় ১ হাজার ইহুদি টেম্পল মাউন্টে উঠেছিলেন এবং সেখানে প্রকাশ্যে প্রার্থনার দৃশ্যও দেখা গেছে। ইহুদি ধর্মে স্থানটি প্রাচীন দুই মন্দিরের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত বলে বিবেচিত।

আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে ইসলামের অন্যতম পবিত্র স্থান। একই স্থান ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, যেখানে তারা ‘টেম্পল মাউন্ট’ নামে উল্লেখ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *