নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ। পরে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন আদালত।
এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দশমবারের মতো পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদন দাখিল পেছানোর দিনেই দ্রুত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন সালমান শাহর ভক্তরা। এ সময় তাঁরা মামলায় গ্রেপ্তার অভিনয়শিল্পী ডনকে রিমান্ডে নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে সালমান শাহর ভক্তরা প্রশ্ন তোলেন, তাঁর সাবেক স্ত্রী সামিরা হককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। পাশাপাশি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি কেন, সে বিষয়েও প্রশ্ন করেন তাঁরা।
পরে মামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন শেষ করেন ভক্তরা।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২৭ আগস্ট তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।