স্পোর্টস ডেস্ক:
চলমান ফিফা আসিয়ান কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতেই হার। তবে শুধু ফলাফল দিয়ে দলের পারফরম্যান্স বিচার করতে চান না বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার বিশ্বাস, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও দল হিসেবে বাংলাদেশ ধীরে ধীরে বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, আসিয়ান কাপের মতো প্রতিযোগিতায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলনামূলক কম। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা যেমন চাপ তৈরি করে, তেমনি নিজেদের সামর্থ্য যাচাই ও শেখার সুযোগও এনে দেয়।
সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের পর টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে হামজা বলেন, ব্যক্তিগতভাবে তার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা। ভালো মুহূর্তের চেয়ে কঠিন সময় বেশি এলেও দল কঠোর পরিশ্রম করছে এবং ভবিষ্যতের জন্য ভালো একটি ভিত্তি তৈরি করছে।
বাংলাদেশের উন্নতির উদাহরণ হিসেবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সের তুলনা টানেন হামজা। তার মতে, মালয়েশিয়ার বিপক্ষে ধীরগতিতে শুরু করায় পরে ম্যাচে ফিরে আসা কঠিন হয়েছিল। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ আগের ম্যাচের তুলনায় ভালো খেলেছে বলেও মনে করেন তিনি।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তবে মাঠের পারফরম্যান্সে দুই দলের মধ্যে সেই ব্যবধান সব সময় স্পষ্ট ছিল না বলে উল্লেখ করেন হামজা। তার মতে, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা বাংলাদেশের সঠিক পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
তবে বর্তমান অবস্থানেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বলেও মনে করেন হামজা। কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে দলের আরও কিছু জায়গায় উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি। তার ভাষায়, এখন ধাঁধার শেষ দুই বা তিনটি টুকরো মেলানো বাকি।
আগামী নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান হামজা। সেখানে ভালো কিছু অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করা হামজা এবার প্রথমবারের মতো ইন্দোনেশিয়ায় গেছেন। দেশটির পরিবেশ ও মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি। বন্ধু ও পরিবারের সদস্যদের ইন্দোনেশিয়া সম্পর্কে প্রশংসার কথা উল্লেখ করে হামজা বলেন, সেখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। আবহাওয়া তার কাছে কিছুটা গরম হলেও সব মিলিয়ে অভিজ্ঞতাটি উপভোগ করছেন।
আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত হামজা। তার মতে, গ্যালারিতে বিপুলসংখ্যক স্বাগতিক দর্শক থাকায় এটি বাংলাদেশের জন্য আরেকটি মূল্যবান অভিজ্ঞতা হবে।
ইন্দোনেশিয়াকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে হামজা বলেন, ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলছেন। ফলে বাংলাদেশের জন্য এটি আরেকটি কঠিন পরীক্ষা হবে। তবে নিজেদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাই এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য বলে মনে করেন তিনি।